কেপটাউন থেকে মুম্বাইয়ে আসা একজনের ওমিক্রন শনাক্ত

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে দুবাই এবং দিল্লি হয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আসা ৩৩ বছর বয়সী এক ব্যক্তির করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

আজ শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কল্যাণ-ডোম্বিভলি পৌর এলাকার বাসিন্দা এবং করোনার টিকা নেননি। তার সঙ্গে যোগাযোগকারী সবাইকে পরীক্ষা করা হয়েছে। তবে, তাদের কেউ করোনায় আক্রান্ত হননি। এছাড়া, দিল্লি-মুম্বাই ফ্লাইটে তারা সহ-যাত্রীদের মধ্যে ২৫ জন নেগেটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভারতে ৪ জনের ওমিক্রন শনাক্ত হলো। এর আগে, আজ সকালে জিম্বাবুয়ে থেকে গুজরাটের জামনগর শহরে আসা ৭১ বছর বয়সী এক ব্যক্তির ওমিক্রন শনাক্ত হয়।

তারও আগে কর্ণাটকে দু'জনের ওমিক্রন শনাক্ত হয়। তাদের একজন ৪৬ বছর বয়সী চিকিৎসক এবং আরেকজন ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার নাগরিক।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত গতি টিকা দেওয়া এবং ডেল্টা ভ্যারিয়েন্টের উচ্চ এক্সপোজারের কারণে দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের তীব্রতা কম হবে বলে আশা করা হচ্ছে।