চীন সীমান্তে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র মোতায়েন করেছে ভারত
ভারত সম্প্রতি চীন সীমান্তে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। আজ শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের উত্তর-পূর্বে ভুটান ও তিব্বত সংলগ্ন তাওয়াং মালভূমির ওপর এই অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। চীন অঞ্চলটির মালিকানা দাবি করে আসলেও বর্তমানে এটি ভারতের নিয়ন্ত্রণে আছে।
এনডিটিভি জানায়, অঞ্চলটির রাজনৈতিক ও সামরিক তাৎপর্য আছে। ১৯৫৯ সালে তিব্বতের আধ্যাত্মিক বৌদ্ধধর্মীয় গুরু দালাইলামা চীনের সামরিক অভিযান থেকে বাঁচতে ওই এলাকার পাহাড়ি পথ পেরিয়ে ভারতে চলে আসেন। এর ৩ বছর পর ওই এলাকায় ভারত-চীনের মধ্যে যুদ্ধ হয়।
এখন যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টার, আল্ট্রা-লাইট টাউড হাউইটজার এবং রাইফেলের পাশাপাশি অভ্যন্তরীণভাবে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি নতুন যুগের নজরদারি ব্যবস্থা পূর্ব তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনাদের বাড়তি শক্তি যোগাবে।
চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়ায় গত কয়েক বছরে সেদেশ থেকে এসব অস্ত্রশস্ত্র পেয়েছে ভারত।