জম্মু-কাশ্মীরে এনকাউন্টার: ২ ভারতীয় সেনা নিহত

স্টার অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় দুর্বৃত্তদের সঙ্গে এনকাউন্টারে জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়েছে।

প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মেন্ধার সাব-বিভাগের নারখাস বনাঞ্চলে অভিযানের সময় জেসিও এবং ১ সেনা গুরুতর আহত হন। পরবর্তীতে ২ জনেই মারা যান। সেখানে এখনো অভিযান চলছে।

নিহত সেনার মরদেহ উদ্ধার করা হলেও জেসিও'র মরদেহ উদ্ধার করা যায়নি বলে মুখপাত্র জানিয়েছেন।

তিনি বলেন, তার মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এলাকাটি পার্বত্য এবং সেখানে ঘন বনাঞ্চল। ফলে, অভিযান কঠিন ও বিপজ্জনক হয়ে উঠেছে।

এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুঞ্চে নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক হামলায় ১ এসসিওসহ পাঁচ সেনা নিহত হন। নিহত সেনার ওই এলাকায় ২ থেকে ৩ মাস ধরে উপস্থিত ছিলেন।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) রাজৌরি-পুঞ্চ রেঞ্জ বিবেক গুপ্তা সাংবাদিকদের জানিয়েছেন, দুর্বৃত্তদের একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা হয়েছে।

এ বছর সীমান্ত জেলা রাজৌরি ও পুঞ্চে বেশ কয়েকটি অভিযান ও এনকাউন্টার হয়েছে। গত ১১ অক্টোবর পুঞ্চের সুরানকোট এলাকার ডেরা কি গলিতে (ডিকেজি) নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুর্বৃত্তদের এনকাউন্টারের সময় ১ জেসিওসহ ৫ সেনা সদস্য নিহত হন। গত ১২ সেপ্টেম্বর রাজৌরির মাঞ্জাকোটের ওপরের অংশে তল্লাশি অভিযানের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি নিহত হন। গত ১৯ আগস্ট রাজৌরির থানামান্ডি এলাকায় এনকাউন্টারে এক জেসিও নিহত হয়।