জম্মু-কাশ্মীরে বিজেপি নেতার বাড়িতে গ্রেনেড হামলা, আহত ৫

স্টার অনলাইন ডেস্ক

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার খান্ডলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা জসবির সিংয়ের বাড়িতে গ্রেনেড হামলায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জম্মুর এডিজিপির বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রাজৌরির খান্ডলি এলাকায় বিজেপি নেতা জসবির সিংয়ের বাড়িতে অজ্ঞাতরা গ্রেনেড হামলা চালিয়েছে।

এদিকে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বিএসএফ একটি দলকে লক্ষ করে গুলি করার পর বৃহস্পতিবার সন্ত্রাসী গ্রুপ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মীসহ চার জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, 'কুলগামের কাজিগুন্ড এলাকার মালপোরায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বিএসএফের একটি দলকে লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। বিএসএফের এই দলটি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল।