জম্মু-কাশ্মীরে ২ সেনার মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৯

স্টার অনলাইন ডেস্ক

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুঞ্জ জেলায় আরও ২ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত সোমবার শুরু হওয়া সন্ত্রাসবিরোধী অভিযানে মোট ৯ সেনা নিহত হয়েছেন।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের সময় ২ সৈনিক নিখোঁজ হন। এরপর সেনাবাহিনী তাদের খুঁজতে সেই এলাকায় চিরুনি অভিযান চালানোর প্রায় ৪৮ ঘণ্টা পর তাদের মরদেহ পাওয়া যায়।

গতকাল ভারতীয় সেনাবাহিনীর বার্তায় বলা হয়েছে, 'পুঞ্জ জেলার মেন্ধারে নার খাসের ঘন জঙ্গলে জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যদের সঙ্গে সেনা সদস্যরা সন্ত্রাসীদের খুঁজতে অভিযান চালানোর সময় সুবেদার অজয় সিং ও নায়েক হরেন্দ্র সিং নিহত হন।'

গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের সময় অজয় সিং ও হরেন্দ্র সিংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শনিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সেই এলাকায় এখনো অভিযান চলছে বলে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত শুক্রবার সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে রাইফেলম্যান বিক্রম সিং ও যোগাম্বর সিং নিহত হন।

এর আগে গত সোমবার পুঞ্জ সেক্টরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৪ সৈনিক ও ১ জুনিয়র কমিশন্ড কর্মকর্তাসহ (জেসিও) ৫ জন নিহত হন।