তথ্য গোপনের অভিযোগ: ভারতে অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা
ভারতের ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির সময় তথ্য গোপন করা ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ই-কমার্স সংস্থা অ্যামাজনকে ২০২ কোটি রুপি জরিমানা করেছে ভারতীয় কম্পিটিশন কমিশন (সিসিআই)।
পাশাপাশি, সিসিআই ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের ২ বছর আগে হওয়া চুক্তিটি স্থগিত ঘোষণা করেছে।
আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ৫৭ পাতার নির্দেশনায় সিসিআই বলেছে, অ্যামাজন চুক্তির প্রকৃত লক্ষ্য গোপন করেছে এবং ২০১৯ সালে ফিউচার গ্রুপে বিনিয়োগের অনুমোদন চাওয়ার সময় মিথ্যা ও ভুল বিবরণ দিয়েছে। ফলে সিসিআই এটি (চুক্তি) নতুন করে পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করে।
বিধি লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
তবে অ্যামাজন 'সত্য, সঠিক ও সম্পূর্ণ' তথ্য দিয়ে ৬০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের ব্যাপারে পুনআবেদন করতে পারবে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে অ্যামাজনের এক মুখপাত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, 'আমরা সিসিআইয়ের নির্দেশ পর্যালোচনা করে দেখছি। এরপর পরবর্তী ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।'
অ্যামাজনের সঙ্গে সাবেক অংশীদার ফিউচার কুপনসের আগে থেকেই আইনি লড়াই চলছিল। এর মধ্যেই সিসিআইয়ের রায় আসায়, বিষয়টি নতুন মাত্রা পেলো।