তামিলে ভারী বৃষ্টি, চেন্নাইসহ ৪ জেলার স্কুল-কলেজে ছুটি ঘোষণা

স্টার অনলাইন ডেস্ক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আজ রোববার বলেছেন, ভারী বৃষ্টির কারণে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপেট জেলার স্কুল ও কলেজ আগামী সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

চেন্নাইয়ের পুরাসাওয়ালকাম, পাডি এবং কোলাথুরের বৃষ্টি-প্রভাবিত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্ট্যালিন বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় লোকবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

তামিলের মানুষকে তাদের ভ্রমণ পরিকল্পনা আগামী ৩ দিনের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। কারণ আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সব ব্যবস্থা নিচ্ছে সরকার। শহরের প্রায় ৪৪টি পুনর্বাসন কেন্দ্রে সকাল থেকে ৫০ হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ ধরনরে প্রায় ১৬০টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, এনডিআরএফের ৪টি দল মাদুরাই এবং কুড্ডালোরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সব বৈদ্যুতিক খুঁটি নজরদারির অধীনে আছে। কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।