দিল্লিতে বায়ু দূষণের কারণে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ শনিবার ঘোষণা দিয়েছেন, আগামী সোমবার থেকে সেখানকার স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, শিশুদের যেন দূষিত বাতাসে শ্বাস নিতে না হয় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা এক সপ্তাহ বাড়ি থেকে কাজ করবেন। বেসরকারি অফিসগুলোকেও একই নীতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেছেন, সরকার দিল্লিতে লকডাউনের প্রস্তাব নিয়ে কাজ করছে। পরিকল্পনাটি সুপ্রিম কোর্টে উপস্থাপন করা হবে।
বায়ু দূষণ মোকাবিলায় অনুষ্ঠিত বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দিল্লিতে নির্মাণ কাজও নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেছেন, প্রতিবেশী রাজ্যগুলোতে খড় পোড়ানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) শুক্রবার দিল্লির সরকারি ও বেসরকারি অফিসগুলোকে তাদের যানবাহনের ব্যবহার কমপক্ষে ৩০ শতাংশ কমানোর পরামর্শ দিয়েছে।
গত শুক্রবার দিল্লি চলতি মৌসুমের সবচেয়ে খারাপ বায়ুর গুণমান সূচক (একিউআই) স্তর রেকর্ড করেছে যার ২৪ ঘণ্টায় গড় ৪৭১।
শনিবার সকালে দিল্লির বায়ুর গুণমান 'গুরুতর' স্তরে ছিল এবং একিউআই রেকর্ড করা হয়েছে ৪৭৩। নয়ডা এবং গুরগাঁওয়ের পার্শ্ববর্তী এলাকার বায়ুর গুণমান সূচক যথাক্রমে ৫৮৭ এবং ৫৫৭ রেকর্ড করা হয়েছে।