কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 'মিথ্যাবাদী' বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। শনিবার বেআইনি খনন মামলায় প্রশাসনের তদন্ত প্রতিবেদনের পর চরণজিৎ সিং চান্নি এ মন্তব্য করেন।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেছেন- অরবিন্দ কেজরিওয়াল 'মিথ্যাবাদী'। তিনি আমার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোটিই সত্য ছিল না। তারা রাজ্যপালের কাছে (আমার বিরুদ্ধে) অভিযোগ করেছিল, তিনি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সত্যের জয় হয়।'
চরণজিৎ সিং চান্নি আরও অভিযোগ করেন, আম আদমি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য বহিরাগতরা 'পাঞ্জাবকে লুট করতে এসেছেন'। ব্রিটিশরা ভারতকে লুট করতে এসেছিল, একইভাবে কেজরিওয়াল এবং তার দিল্লি পরিবার, যেমন রাঘব চাড্ডা এবং অন্যান্য বহিরাগতরা পাঞ্জাব লুট করতে এসেছেন।
এর আগে, কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল- চান্নির বিরুদ্ধে বেআইনি খনন মামলায় জড়িত থাকার অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছিল।