দুর্ঘটনাক্রমে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ভারত

স্টার অনলাইন ডেস্ক

ভারত বলেছে, চলতি সপ্তাহে নিয়মিত মহড়ার সময় দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি একটি 'প্রযুক্তিগত ত্রুটি' ছিল।

আজ শুক্রবার ভারত এ কথা বলেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতের দূতকে তলব করার পর ভারত মন্তব্য করল।

সামরিক বিশেষজ্ঞরা অতীতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের দুর্ঘটনা বা ভুলের ঝুঁকি নিয়ে অনেকবার সতর্ক বার্তা দিয়েছেন। কারণ তারা ইতোমধ্যে ৩টি যুদ্ধে লড়াই এবং অসংখ্য ছোট ছোট সশস্ত্র সংঘর্ষে জড়িয়েছেন। বিশেষ করে কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে।

তবে, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা কমলেও এই ঘটনার পর তাত্ক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন অনুচ্ছেদের বিবৃতিতে বলেছে, ২০২২ সালের ৯ মার্চ নিয়মিত মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্রের আকস্মিক ফায়ারিং হয়। পাকিস্তানের একটি এলাকায় ওই ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে বলে জানা গেছে। যদিও এ ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে স্বস্তির বিষয়- দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে উচ্চ পর্যায়ের কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দিয়েছে সরকার।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরে পূর্বাঞ্চলীয় শহর মিয়ান চান্নুর কাছে আছড়ে পড়ে। তবে, তাতে কোনো ওয়ারহেড ছিল না।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইসলামাবাদে ভারতের চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করে তাদের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনা যাত্রীবাহী উড়োজাহাজ ও বেসামরিক মানুষের ক্ষতির কারণ হতে পারে।

পাকিস্তান ভারতকে সতর্ক করেছে, এ ধরনের অবহেলার অপ্রীতিকর পরিণতি নিয়ে সতর্ক থাকতে হবে এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।