দ. আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট: ভারতে সতর্কতা জারি
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ঝুঁকি এড়াতে ভারতে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, কোভিড-১৯'র নতুন ভ্যারিয়েন্ট ৮.১.১৫২৯-এ আক্রান্ত ৬ জন দক্ষিণ আফ্রিকায়, ৩ জন বতসোয়ানায় ও একজন হংকংয়ে শনাক্ত হয়েছেন। জানা গেছে, এই ভ্যারিয়েন্টের উচ্চমাত্রায় মিউটেশনের ক্ষমতা আছে। সম্প্রতি ভিসা প্রক্রিয়া শিথিল করায় এটি ভারতের জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
এতে আরও বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভ্রমণকারীদের অবশ্যই স্ক্রিনিং করা হবে এবং যাদের শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া যাবে তাদের নমুনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভারতের এসএআরএস-কোভ-২ জেনোমিকস কনসোর্টিয়ামে পাঠাতে হবে।
দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট কয়েকবার মিউটেশন করতে পারে, তবে এটি কতটা ভয়ঙ্কর সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।