পশুখাদ্য কেলেঙ্কারি: বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের ৫ বছরের কারাদণ্ড
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড ৬০ লাখ রুপি জরিমানা করেছেন দেশটির একটি বিশেষ আদালত।
মামলায় রাষ্ট্রীয় জনতা পার্টি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে প্রায় ১৩৯ কোটি রুপি আত্মসাতের অভিযোগ করা হয়েছিল।
আজ সোমবার ভার্চুয়ালি যুক্তিতর্ক শুনানির পর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত এ রায় দেন।
সিবিআইয়ের আইনজীবী বিএমপি সিং বলেন, 'লালু প্রসাদ ছাড়াও আদালত এ মামলার আরও ৫ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড, ৩২ আসামির প্রত্যেককে ৪ বছর এবং ৩ আসামির ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন।'
এই আদেশের বিরুদ্ধে লালু প্রসাদ হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির আরও ৪ মামলায় তার ১৪ বছরের কারাদণ্ড হয়। এটি ছিল এ ঘটনার ৫ম ও শেষ মামলার রায়। শেষ মামলাটি লালু প্রসাদ বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালে ডোরান্ডা কোষাগার থেকে ১৩৯ কোটি রুপি আত্মসাতের অভিযোগে করা হয়েছিল।
পশুখাদ্য কেলেঙ্কারির সবগুলো ঘটনা মিলিয়ে সরকারি কোষাগার থেকে মোট ৯৫০ কোটি রুপি তছরুপের অভিযোগ উঠে। ১৯৯৫-৯৮ সালের মধ্যে লালু প্রসাদ বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালে পশুপালন বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় ভুয়া বিল দেখিয়ে সরকারি কোষাগারের ওই টাকা উত্তোলন করেছিল বলে অভিযোগ উঠেছিল।