‘পার্লামেন্টে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

স্টার অনলাইন ডেস্ক

ভারতের পার্লামেন্টে বিতর্কিত কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় কৃষাণ ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ তিকাইত।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের ঘোষণার পর কৃষক নেতা রাকেশ টুইটারে এমন প্রত্যয় ব্যক্ত করেন।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রাকেশ তিকাইত বলেন, এ বিষয়ে সরকারকে অবশ্যই কৃষকদের সঙ্গে আলোচনা করতে হবে।

টুইটারে তিনি লিখেন, 'এখনই আন্দোলন থেকে সরে যাচ্ছি না। পার্লামেন্টে কৃষি আইনগুলো বাতিল না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো।'

'গুরু নানক জয়ন্তী' উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কল্যাণে ৩ কৃষি আইন বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, 'কিন্তু, অনেক চেষ্টার পরও কৃষকদের একটি অংশকে রাজি করানো যায়নি।'

তার মতে, ৩ কৃষি আইনের লক্ষ্য ছিল কৃষকের ক্ষমতায়ন। বিশেষ করে, প্রান্তিক কৃষকদের।

৩ কৃষি আইন বাতিলের দাবিতে গত বছরের ২৬ নভেম্বর থেকে কৃষকরা দিল্লির সীমান্তে লাগাতার অবস্থান করে বিক্ষোভ করে আসছেন।