প্রাদেশিক উপনির্বাচনে বিজেপির পরাজয়ে উজ্জীবিত কংগ্রেস

স্টার অনলাইন ডেস্ক

ভারতের ১৩ প্রদেশ ও কেন্দ্রশাসিত এক অঞ্চলের বিধানসভার ৩০ আসন ও লোকসভার ৩ আসনে উপনির্বাচন হয়েছে গত ৩০ অক্টোবর। প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার দুপুর পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিধানসভার ৩০ আসনের মধ্যে ৯ আসনে জয় পেয়েছে বিজেপি। বিপরীতে কংগ্রেস ৮ আসনে জয় পেয়েছে। বাকিগুলোতে আঞ্চলিক ও ছোট ছোট জাতীয় দলগুলো জয়ী হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আসাম বিধানসভার ৫টি আসনের উপনির্বাচনে বিজেপি সবগুলোতে জয় পেলেও বিহারের ৩টি আসনের সবগুলোতে জয় পেয়েছে জেডি (ইউ), হরিয়ানায় ১টি আসনে জয় পেয়েছে আইএনএলডি, হিমাচল প্রদেশের ৩টি আসনের সবকয়টিতেই কংগ্রেস বিজয়ী হয়েছে।

এ ছাড়াও, পশ্চিমবঙ্গে ৪টি আসনের সবগুলোতে তৃণমূল কংগ্রেস ও মধ্যপ্রদেশের ৩টি আসনের মধ্যে বিজেপি ২টি ও কংগ্রেস একটিতে জয়ী হয়েছে।

মহারাষ্ট্রে একটি আসনের উপনির্বাচন কংগ্রেস ও অন্ধ্রপ্রদেশের ১টি আসনে ওয়াইএসআরসিপি, মিজোরামের ১টি আসনে এমএনএফ ও মেঘালয়ে ৩টি আসনের মধ্যে এনপিপি ২টি ও ইউডিপি ১টি আসন পেয়েছে।

কর্ণাটকে ৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি ২টি ও কংগ্রেস ১টি আসন এবং রাজস্থানে ২টি আসনের মধ্যে সবগুলোতে জয় পেয়েছে কংগ্রেস।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশে বিধানসভার ৩ আসনের সবকয়টিতে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবির কারণ 'ক্ষমতাসীন দলের অন্তর্দ্বন্দ্ব ও ভুল নির্বাচনী হিসাব-নিকাশ'।

শুধু বিধানসভার ৩ আসনই নয়, হিমাচলের মান্দি লোকসভা আসনের উপনির্বাচনেও বিজেপিকে পরাজিত করেছে কংগ্রেস।

আগামী বছর হিমাচলে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের এই উল্লেখযোগ্য বিজয়কে বিজেপির জন্য 'অশনি সংকেত' বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এই বিজয়কে দলের সব নেতা-কর্মীর বিজয় বলে অভিহিত করেছেন। দলটির শীর্ষ নেতা রণদীপ সুরজেওয়ালা টুইটারে বিজেপির পরাজয়ের কারণ হিসেবে 'পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বৃদ্ধি ও ৩টি কালাকানুন প্রবর্তনের' কথা উল্লেখ করেছেন।

হিমাচলের উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস প্রধান কুলদীপ সিং সেখানকার মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের পদত্যাগ দাবি করেছেন। বিপরীতে প্রদেশের মুখ্যমন্ত্রী আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয় নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করার কথা জানিয়েছেন।

দক্ষিণে বিজেপির 'ঘাঁটি' হিসেবে বিবেচিত কর্ণাটকে ২টি বিধানসভা আসনের ১টিতে কংগ্রেস জয় পাওয়ায় প্রদেশ বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, 'নির্বাচন হচ্ছে জয়-পরাজয়ের খেলা...।'

সংবাদ প্রতিবেদনের জানানো হয়, কর্ণাটকের হাঙ্গাল আসনে বিজেপি প্রার্থীকে বিজয়ী করতে মুখ্যমন্ত্রী বাসবরাজ ১০ দিন ধরে প্রচারণা চালিয়েছিলেন। এমনকি দলের বিজয় নিশ্চিত করতে তিনি অন্তত ১০ মন্ত্রীকে নিয়োজিত করেছিলেন। তারপরও, ভোট পড়েছে বিজেপির বিপক্ষে।

৩ লোকসভা আসনের উপনির্বাচনে হিমাচলের মান্দিতে কংগ্রেস বিজয়ী হলেও মধ্যপ্রদেশের খান্দওয়ায় জয় পেয়েছে বিজেপি। অপর আসন কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলির ফলাফল এখনও জানা যায়নি।