ফিলিস্তিনে দূতাবাস থেকে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার
ফিলিস্তিনের রামাল্লায় ভারতীয় দূতাবাসের ভেতর থেকে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার তার মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুকুলের মৃত্যুতে শোক জানিয়ে এক টুইট বার্তায় বলেন, 'রামাল্লায় ভারতের রাষ্ট্রদূত মুকুল আর্যের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন উজ্জ্বল ও মেধাবী কর্মকর্তা। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।'
কর্মস্থলে মুকুল আর্যের মৃত্যুর ঘটনায় ফিলিস্তিনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তারা বলেছে, মুকুল আর্যের মৃত্যুর খবরে তারা হতবাক এবং শোকাহত।