‘বিতর্কিত ৩ কৃষি আইন আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাহারের ঘোষণা দেওয়া বিতর্কিত ৩ কৃষি আইন আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কৃষকরা।
এ ছাড়াও, ন্যূনতম মূল্য সহায়তার ওপর একটি আইন প্রণয়ন এবং গত এক বছরে কৃষকদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন।
সেসময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, 'আমি ভারতবাসীর কাছে পবিত্র মনে ক্ষমা চাইছি। আমরা কৃষকদের (৩টি কৃষি আইন সম্পর্কে) বোঝাতে পারিনি। আমি কৃষকদের তাদের বাড়িতে, তাদের জমিতে, তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমি তাদের সবকিছু নতুন করে শুরুর অনুরোধ করছি।'
যে দুটি রাজ্যে কৃষক আন্দোলন বেশি হয়েছে, সেখানে আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিতের কথা আছে।