বিমানবন্দর থেকে পালানো করোনা আক্রান্তদের খুঁজছে ভারতের পুলিশ

স্টার অনলাইন ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলের শহর অমৃতসরের একটি বিমানবন্দরে করোনা শনাক্ত হওয়া অন্তত ১০ জন যাত্রী পালিয়ে গেছেন। তাদেরকে খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ।

জ্যেষ্ঠ জেলা কর্মকর্তা রুহি দুগের বরাত দিয়ে আজ শুক্রবার সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

রুহি দুগ সিএনএনকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক চার্টার্ড ফ্লাইট ইতালির রোম থেকে ভারতে পৌঁছায়। এরপর ফ্লাইটটির ১৭৯ যাত্রীর করোনা পরীক্ষা করা হলে ১২৫ জনের করোনা শনাক্ত হয়।  

পজিটিভ যাত্রীদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অন্তত ১০ জন তাদের থেকে আলাদা হয়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পুলিশ এখন পলাতকদের খুঁজছে।

দুগ বলেন, 'পুলিশ তাদের অবস্থান শনাক্ত করার জন্য কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা।'