বীরভূমে পঞ্চায়েত নেতা খুনের ঘটনায় ১০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

স্টার অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের ঘটনায় অন্তত ১০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে অন্তত ১০ জন পুড়ে মারা যান।

গতকাল রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখ নিহত হন। তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। 

ভাদু শেখের বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেসময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম। পর পর কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সোমবার রাতে ৩ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধারের পর আজ সকালে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।