ভবানীপুর উপনির্বাচন: তৃতীয় রাউন্ড গণনায় মমতা এগিয়ে

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ কলকাতার ভবানীপুর উপনির্বাচনের তৃতীয় রাউন্ড ভোট গণনায় এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ রোববার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল নেত্রী ৬ হাজার ১৪৬ ভোটে এগিয়ে রয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনের প্রাথমিক গণনায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

এতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হলে তাকে এই আসনে বিজয়ী হতে হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, তৃতীয় রাউন্ড শেষে মমতা এগিয়ে রয়েছেন ৬১৪৬ ভোটে। তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৪ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ৩ হাজার ৮২৮ ভোট ও সিপিএম প্রার্থী শ্রীজীব পেয়েছেন ২৫০ ভোট।

এ ছাড়াও, মুর্শিদাবাদের শমশেরগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জঙ্গিপুর উপনির্বাচনে জাকির হোসেন এগিয়ে রয়েছে।

গণমাধ্যমে আরও বলা হয়েছে, আজ সকাল ৮টায় ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনা শুরু হয় এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। ভোট গণনা হবে ২১ রাউন্ড। গণনাকেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

৩ উপনির্বাচনের ফলাফল আজ জানা যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।