ভারতের ‘পদ্মভূষণ’ পেলেন সৈয়দ মোয়াজ্জেম আলী ও ‘পদ্মশ্রী’ ড. এনামুল হক
বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী এবং প্রত্নতত্ত্ববিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হককে 'পদ্ম পুরস্কার' দিয়েছে ভারত সরকার।
গতকাল সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ পুরস্কার প্রদান করেন।
সৈয়দ মোয়াজ্জেম আলীর পক্ষে তার স্ত্রী তূহফা জামান 'পদ্মভূষণ' পুরস্কার গ্রহণ করেন।
ভারতে নিযুক্ত সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী 'পাবলিক অ্যাফেয়ার্স'র জন্যে মরণোত্তর হিসেবে এ পুরস্কার লাভ করেন।
এ ছাড়া, প্রত্নতত্ত্ববিদ্যায় অবদানের জন্যে ড. এনামুল হককে 'পদ্মশ্রী' পুরস্কার দেওয়া হয়।
'পদ্মভূষণ' ও 'পদ্মশ্রী' যথাক্রমে ভারতের তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
গতকাল অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।
এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রতিবছর ৩টি বিভাগে 'পদ্ম' সম্মাননা 'পদ্মবিভূষণ' (অসাধারণ ও বিশিষ্ট পরিষেবা), 'পদ্মভূষণ' (উচ্চক্রমের বিশিষ্ট পরিষেবা) ও 'পদ্মশ্রী' (বিশিষ্ট পরিষেবা) দেওয়া হয়।
এতে আরও বলা হয়, ভারতের রাষ্ট্রপতি এ বছর ১১৯টি 'পদ্ম' সম্মাননা প্রদান করেছেন। তালিকায় ৭টি 'পদ্মবিভূষণ', ১০টি 'পদ্মভূষণ' ও ১০২টি 'পদ্মশ্রী' সম্মাননা রয়েছে। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ২৯ জন নারী, ১৬ জন মরণোত্তর ও একজন ট্রান্সজেন্ডার রয়েছেন।