ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩

স্টার অনলাইন রিপোর্ট

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, আজ বুধবার তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জনকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির সর্বশেষ খবর অনুযায়ী, ১৪ জনের মধ্যে ১৩ জন মারা গেছেন। তবে, একজন পুরুষ জীবিত আছে। তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসাধীন। কিন্তু, জেনারেল বিপিন রাওয়াতের অবস্থা জানা যায়নি।

এনডিটিভি জানিয়েছে, জেনারেল রাওয়াতের স্ত্রী, তার প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর সদস্যরা বিমানে ছিলেন।

বিমান বাহিনী টুইট করেছে, 'প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে একটি আইএএফ এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। তবে, দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

ভারতের সেনাপ্রধান এমএম নারাভানে দিল্লিতে জেনারেল রাওয়াতের বাড়িতে গেছেন।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেনারেল রাওয়াত আজ দিল্লি থেকে হেলিকপ্টারে কোয়েম্বাটুরের সুলুরে যাচ্ছিলেন। রাশিয়ার তৈরি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ের ওয়েলিংটনের জন্য সুলুরের বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড়ে যাওয়ার পরপরই এই দুর্ঘটনা ঘটে।

দুপুর ১২.২০ নাগাদ প্রথম দুর্ঘটনার খবর পাওয়া যায়।

৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী- এই তিনটি পরিষেবাকে একীভূত করার লক্ষ্যে এই পদ তৈরি করা হয়েছিল।