ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

স্টার অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেসময় হেলিকপ্টারটিতে সেদেশের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার অন্যান্য স্টাফ ও পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা গেছে।

আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন। ইতোমধ্যে ৪ জনের মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় বিপিন রাওয়াত আহত হয়েছেন কিনা এবং এখন পর্যন্ত হতাহতের বিস্তারিত জানাতে পারেনি এনডিটিভি।

ভারতের এয়ারফোর্স এক টুইটবার্তায় জানিয়েছে, হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে দিল্লি থেকে সুলুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এটি বিধ্বস্ত হয়।

তবে হেলিকপ্টারটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।