ভারতের বুদ্ধ গয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৮ জেএমবি সদস্যের কারাদণ্ড
২০১৮ সালে ভারতের বিহার রাজ্যের বৌদ্ধ তীর্থস্থান বুদ্ধ গয়ায় বোমা বিস্ফোরণ ঘটনায় ভারতের একটি আদালত আজ জামাত-উল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৩ জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জঙ্গিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
দ্য ডেইলি স্টারের নয়া দিল্লি সংবাদদাতা জানিয়েছেন, বিশেষ বিচারক গুরবিন্দর সিং মেহরোত্রা গত ১০ ডিসেম্বর ৮ জেএমবি সদস্যকে দোষী সাব্যস্ত করেন।
মামলার তদন্তকারী ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কৌঁসুলি লালন প্রসাদ সিং এবং সরকারি আইনজীবী প্রমোদ কুমার জানান, আহমেদ আলী, নুর আলম এবং পয়গম্বর শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া আরিফ হোসেন, আদিল শেখ, দিলাওয়ার হুসেন, মুস্তাফিজুর রহমান ও আবদুল করিমকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৮ সালের ১৯ জানুয়ারি বুদ্ধ গয়ায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ধর্মোপদেশ দেওয়া শেষে ঘটনাস্থল ত্যাগের কয়েক ঘণ্টা পর সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ৮ জন।
এ ছাড়া অপর আসামি মো. জাহিদুল ইসলাম দোষী নন এবং তার বিচার আলাদাভাবে হবে।