ভারতের যে ৩ শহরে সবচেয়ে বেশি মিলিয়নিয়ারদের বসবাস
ভারতে মিলিয়ন ডলার সম্পদের মালিক, এমন পরিবারের সংখ্যা আগের বছরের তুলনায় ২০২১ সালে ১১ শতাংশ বেড়েছে। হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট ২০২১ এর বরাত দিয়ে শুক্রবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশটির মুম্বাই শহরে সবচেয়ে বেশি সংখ্যক মিলিয়নিয়ার পরিবার বসবাস করে। এরপর সরবোচ্চ ধনীদের বসবাস রাজধানী দিল্লিতে ও তৃতীয় সর্বোচ্চ মিলিনিয়ারদের বাস কলকাতা শহরে।
দেশটির সর্বোচ্চ ধনীদের তালিকা এবং বিলাসবহুল দ্রব্যের ভোক্তাদের প্রকৃতির ওপর সমীক্ষা চালিয়ে হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট ২০২১ তৈরি করা হয়েছে।
অন্তত ১ মিলিয়ন ডলার বা ৭ কোটি ভারতীয় রুপির সমমানের সম্পদ আছে এমন পরিবারগুলোকে সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পরিবারের সংখ্যা ১ বছরে বেড়েছে ৪ লাখ ৫৮ হাজার, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
এতে বলা হয়, মুম্বাইতে ২০ হাজার ৩০০ পরিবার মিলিয়ন ডলার সম্পদের মালিক। আর এমন পরিবারের সংখ্যা দিল্লিতে আছে ১৭ হাজার ৪০০ ও কলকাতায় ১০ হাজার ৫০০।
প্রতিবেদনে দেখা যায়, ধনীদের বেশিরভাগের পছন্দের শখ দামী ঘড়ি সংগ্রহ করা এবং রোলেক্স সবচেয়ে পছন্দের বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড।
আর সমীক্ষায় অংশ নেওয়া এক-চতুর্থাংশ ৩ বছরেরও কম সময়ের মধ্যে গাড়ি পরিবর্তন করেন। তাদের সবচেয়ে পছন্দের বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড মার্সিডিজ-বেঞ্জ, দ্বিতীয় রোলস রয়েস।
দেশটির সর্বোচ্চ ধনীদের প্রায় এক-তৃতীয়াংশ মনে করছেন, তারা করোনা মহামারি চলাকালে ঝুঁকি-প্রতিরোধী বিনিয়োগের চেষ্টা করছেন। স্টক মার্কেট ও রিয়েল এস্টেটে বিনিয়োগ করা তাদের প্রথম পছন্দ।
সমীক্ষায় অংশ নেওয়া ধনীদের ৭০ শতাংশ সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ২৯ শতাংশের আগ্রহ যুক্তরাষ্ট্র, ১৯ শতাংশ যুক্তরাজ্যে, ১২ শতাংশ নিউজিল্যান্ডে এবং ১১ শতাংশ পরিবার তাদের সন্তানদের পড়াশোনার জন্য জার্মানি পাঠাতে চান।