ভারতে একদিনে আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ৭২৩, শনাক্তের হার ১৩.২৯ শতাংশ
ভারতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত একদিনে দেশটিতে ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৭ লাখেরও বেশি।
আজ সোমবার এনডিটিভি জানায়, ভারতের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ হাজার ৩৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪৬ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৯ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ৭ দশমিক ৯২ শতাংশ।
মহারাষ্ট্রে করোনার আঘাত সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৩৮৮ জনের এবং মারা গেছেন ১২ জন।
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দিল্লিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন।
করোনা মহামারি পরিস্থিতি পর্যালোচনা সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরীক্ষা বাড়ানো, ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এবং টিকাদানের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কম বয়সীদের টিকাদানের বিষয়টি 'মিশন মোড' আকারে পরিচালিত হতে হবে এবং আগামী দিনে অধিক ঝুঁকিপূর্ণদের টিকাদানের বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।