ভারতে করোনা টিকাদানে কোনো ভিআইপি সংস্কৃতি নেই: মোদি

স্টার অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশটিতে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো ভিআইপি সংস্কৃতি নেই।

গতকাল বৃহস্পতিবার করোনা টিকাদান কর্মসূচি শুরুর ৯ মাস পর ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলকে পৌঁছেছে ভারত। এই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হিন্দুস্তান টাইমস জানায়, আজ শুক্রবার দেশবাসীকে অভিনন্দন জানিয়ে মোদি বলেন, 'এই টিকাদানের ফলে গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। ভারতের বিষয়ে বলা হচ্ছিল যে, এতো নিয়ম এখানে কীভাবে মানা হবে। তবে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেছি। সবাইকে আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। টিকাদানের ক্ষেত্রে ভারতের একটাই মন্ত্র ছিল। রোগ বৈষম্য করে না, তাই টিকাকরণেও বৈষম্য থাকবে না। টিকাকরণে কোনো ভিআইপি সংস্কৃতি নেই।'

তিনি আরও বলেন, '২১ অক্টোবর ভারত ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার কঠিন এবং অসাধারণ গণ্ডি পার করেছে। এরে নেপথ্যে ১৩০ কোটি ভারতীয়র অবদান রয়েছে। এটা ভারতবাসীর সাফল্য, এটা ভারতের সাফল্য। ১০০ কোটি ডোজ টিকা দেওয়া কেবল একটি পরিসংখ্যান নয়। এটা আমাদের সামর্থ্যের প্রমাণ। এটা সেই নতুন ভারতের রূপ, যে নিজের লক্ষ্য পূরণে বদ্ধপরিকর।'

নরেন্দ্র মোদি আরও বলেন, 'ভারত যেই দ্রুততার সঙ্গে ১০০ কোটির গণ্ডি পার করেছে, তা প্রশংসনীয়। তবে এই বিশ্লেষণে অনেকেই এটা ভুলে যান যে আমাদের সূচনা কোথা থেকে হয়েছিল। অন্যান্য উন্নত দেশগুলোর ওপর আমরা এতোদিন নির্ভরশীল ছিলাম। তাই যখন এই মহামারি আসে, তখন ভারতের উপর প্রশ্নচিহ্ন ছিল। ভারত কবে টিকা পাবে? ভারত এত টিকা কিনতে পারবে কি না? ভারত এত লোককে টিকা দিতে পারবে কি না? তবে আজকের এই ১০০ কোটি টিকাকরণের পরিসংখ্যান এই প্রশ্নের জবাব দিয়েছে।'