ভারতে স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার চেষ্টার অভিযোগে পিটিয়ে হত্যা

স্টার অনলাইন ডেস্ক

ভারতের অমৃতসরে শিখদের পবিত্র স্বর্ণ মন্দির 'অপবিত্র' করার চেষ্টার অভিযোগে একজন পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রার্থনার সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মন্দিরের সংরক্ষিত স্থানে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। যেখানে শিখ ধর্মের পবিত্র গ্রন্থ সাহেব রাখা আছে।

এরপর ওই ব্যক্তি গ্রন্থটির পাশে রাখা একটি সংরক্ষিত তরবারি ধরেছিলেন। তবে নিরাপত্তারক্ষীরা গিয়ে তাকে পরাস্ত করেন। 

শিখরা গুরু গ্রন্থ সাহেবকে শুধু তাদের ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হিসেবেই নয়, জীবন্ত গুরু হিসেবেও বিবেচনা করে। তারা বিশ্বাস করে যে সেটিকে একজন মানুষের মতো সম্মানের সঙ্গে বিবেচনা করা উচিত।

স্থানীয় সময় প্রায় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে ওই ঘটনাটি ঘটে এবং টেলিভিশনে সন্ধ্যার প্রার্থনা সম্প্রচারের সময় সেটি ক্যামেরাবন্দি হয়।

এরপর ঠিক কী হয়েছিল তা স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, অফিসাররা ঘটনাস্থলে পৌঁছানোর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান। এ বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনার ২৪ ঘণ্টারও কম সময় পরে পাঞ্জাব রাজ্যের কাপুরথালার একটি মন্দির থেকে শিখ পতাকা ও নিশান সাহেব অপসারণ চেষ্টার অভিযোগে আরও একজনকে পিটিয়ে হত্যা করে শিখরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ প্রথমে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছিল কিন্তু স্থানীয়রা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাকে ছিনিয়ে নিয়ে শেষ পর্যন্ত হত্যা করে।

পাঞ্জাব রাজ্যের পুলিশ প্রধান এক টুইটে বলেছেন, অমৃতসর ও কাপুরথালার 'দুর্ভাগ্যজনক ঘটনার' পরে 'পাঞ্জাবের আইনশৃঙ্খলা বিঘ্নকারী সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'