ভারী বৃষ্টি-বন্যা: তামিলনাড়ুর ১৬ জেলায় রেড এলার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

স্টার অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টি হওয়ায় রেড এলার্ট জারি করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেম কুড্ডালোর, ভিল্লুপুরম, চেঙ্গালপাত্তু, কাঞ্চিপুরম, চেন্নাই এবং তিরুভাল্লুরসহ ১৬টি জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, রাজ্যের ১৯টিরও বেশি জেলার স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়েছে, পেরাম্বালুর, আরিয়ালুর, ধর্মপুরী, তিরুপাটুর, ভেলোর এবং রানিপেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের এলাকাটি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি সুচিহ্নিত নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলে, সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হচ্ছিল।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের (আরএমসি) তথ্য অনুযায়ী, কুণ্ডলালাম (তিরুপপুর জেলা) সর্বাধিক ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, তারপরে ধারাপুরম (তিরুপপুর জেলা) ১৩ সেন্টিমিটার এবং তাঞ্জাভুর (তাঞ্জাভুর জেলা), তিরুপপুর কালেক্টরেট ক্যাম্প অফিস (তিরুপপুর জেলা), পান্ধলুর (নীলগ্রিস জেলা) প্রতিটিতে ১২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

চেন্নাইয়ে শহর এবং শহরতলি এলাকায় বৃষ্টি অব্যাহত ছিল। তাম্বারাম, মাইলাপুর, ভেলাচেরি, আম্বাত্তুর, সাইদাপেট, ক্রোমপেট, রোয়াপেট্টা, প্যারিস, একাথুথাঙ্গল, কোত্তুরপুরম, আদিয়ার মারিনায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) চেন্নাইতে দুটি ও চেঙ্গালপেট, তিরুভাল্লুর এবং কাঞ্চিপুরমে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য একটি করে দল মোতায়েন করেছে।