মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ১১ করোনা রোগীর মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলা হাসপাতালের আইসিইউতে আগুন লেগে অন্তত ১১ জন করোনা রোগী মারা গেছেন। এ ঘটনায় আরও ৭ রোগী আহত হয়েছেন।

এ তথ্য জানিয়ে ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৫ জন স্থিতিশীল অবস্থায় আছেন।

আহমেদনগর মিউনিসিপ্যাল করপোরেশনের দমকল বিভাগের প্রধান শঙ্কর মিসালের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ শনিবার সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় যারা মারা গেছেন, তাদের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে  রাজ্য সরকার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আগুনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলা কালেক্টরকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুনে মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।