মহারাষ্ট্রে কয়লা ঘাটতি, তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৩টি ইউনিট বন্ধ
ভারতের মহারাষ্ট্রে কয়লার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৩টি ইউনিট বন্ধ আছে। এ কারণে মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন (এমএসইডিসিএল) নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।
কয়লা ঘাটতির কারণে রাজ্যটিতে তীব্র লোডশেডিংয়েরে আশঙ্কা দেখা দিয়েছে।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানিয়েছে, কয়লা ঘাটতির কারণে বর্তমানে বিদ্যুৎ সরবরাহকারী বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৩টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ৩ হাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের ঘাটতি পূরণে জলবিদ্যুৎ এবং জরুরি ক্রয়সহ অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এমএসইডিসিএল রাজ্যে লোডশেডিং রোধের চেষ্টা করছে। চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখতে সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের আবেদন জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, সারা দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে বিদ্যুতের ক্রয় মূল্য আরও বেড়েছে। বর্তমানে চাহিদা ও বিদ্যুতের যোগানের মধ্যে ৩ হাজার ৩৩০ মেগাওয়াটের ঘাটতে পূরণে খোলা বাজার থেকে বিদ্যুৎ সংগ্রহ করা হচ্ছে। খোলা বাজার থেকে ইউনিট প্রতি ১৩.৬০ রূপি হারে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সংগ্রহ করা হচ্ছে। আজ সকালে রিয়েল টাইম লেনদেনের মাধ্যমে ইউনিট প্রতি ৬.২৩ রূপিতে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হয়।
তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। তাছাড়া লোডশেডিং এড়াতে এমএসইডিসিএল প্রতিদিন ৮ ঘণ্টা করে চক্রাকারে কৃষি লাইনে তিনটি ধাপে বিদ্যুৎ সরবরাহ করছে।