মুম্বাইয়ে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২১ জুলাই ৬৩ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়, পরে ২৭ জুলাই তিনি মারা যান। কর্মকর্তারা জানান, তার ডায়াবেটিসসহ আরও কিছু শারীরিক জটিলতা ছিল।

এনডিটিভি জানায়, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কারণে মহারাষ্ট্রে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে, গত মাসে রত্নাগিরির ৮০ বছর বয়সী এক নারী ভাইরাসটির নতুন এ ধরনে আক্রান্ত হয়ে মারা যান।

মুম্বাইয়ে মারা যাওয়া নারী ভ্যাকসিন নিয়েছিলেন। শহরটিতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত আরও ছয় জন রোগী শনাক্ত হয়েছেন।

গত বুধবার মৃত নারীর নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের ফল পাওয়া গেছে।

মুম্বাইয়ের নাগরিক সংস্থা বিএমসি (বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন) রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে ফল পাওয়ার পর ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের সঙ্গে যোগাযোগ শুরু করে।

ওই নারীর দুই ঘনিষ্ঠজনও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তবে, মৃত নারী শহর ছেড়ে অন্য কোথাও ভ্রমণ করেননি।

কর্মকর্তারা জানান, তিনি অক্সিজেন সাপোর্টে ছিলেন এবং তাকে স্টেরয়েড ও রেমডেসিভির দেওয়া হয়েছিল।

ভারতে প্রথম করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। এটি করোনার অন্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে অতিমাত্রায় সংক্রামক ও মারাত্মক।

রাজ্য সরকার জানায়, মুম্বাইয়ে সাত জনসহ মহারাষ্ট্রে মোট ১৩ জনের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরমধ্যে পুনেতে তিন জন, নান্দিদ, গন্ডিয়া, রাইগাদ ও পালগারে দুজন করে এবং চন্দ্রপুর ও আলোকায় একজন করে শনাক্ত হয়েছেন।