রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত
ভারতের সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় একটি টুইটে বিষয়টি জানিয়েছে কংগ্রেস।
এতে আরও বলা হয়েছে, কংগ্রেস নেতার অ্যাকাউন্ট পুনরুদ্ধারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
টুইটে বলা হয়েছে, 'ততদিন পর্যন্ত তিনি অন্যান্য সামাজিক মাধ্যমে আপনাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। তিনি জনগণের জন্য কথা বলবেন এবং তাদের উদ্দেশ্যে লড়াই চালিয়ে যাবেন। জয় হিন্দ!'
The account has been temporarily locked. https://t.co/MYqpC8OeIb
— Congress (@INCIndia) August 7, 2021
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এর আগে, গত জুনে টুইটার মার্কিন কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের অ্যাকাউন্টে প্রবশে বাধার মুখে পড়েছিলেন। প্রসাদ তখন এর তীব্র সমালোচনা করে বলেছিলেন, এটি স্বেচ্ছাচারী এবং তথ্যপ্রযুক্তি বিধির চরম লঙ্ঘন।
একই ধরনের অভিযোগ করেছিলেন, কংগ্রেস সংসদ সদস্য এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় প্যানেলের চেয়ারম্যান শশী থারুর। তিনি বলেছিলেন, তার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তার একটি টুইট টুইটার মুছে দিয়েছে। পরে প্রসাদ ও থারুরের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের কাছে ব্যাখ্যা চেয়েছিল তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
এদিকে, শুক্রবার টুইটার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে, তারা আইটি বিধি-২০২১ মেনে একজন পূর্ণকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার-কাম-রেসিডেন্ট গ্রিভান্স অফিসার এবং নোডাল কন্ট্যাক্ট অফিসার নিয়োগ করেছে।