‘শাহরুখ খান বিজেপিতে যোগ দিলে ড্রাগসও চিনির গুঁড়োয় পরিণত হবে’
ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল মুম্বাই ক্রুজ ড্রাগস মামলা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দেন, তাহলে 'ড্রাগসও চিনির গুঁড়োয় পরিণত হবে'।
এনডিটিভি জানায়, এই বলিউড সুপারস্টারের ছেলে আরিয়ান খান গত ২ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আছেন এবং এখন পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর হয়নি।
ছগন ভুজবলের অভিযোগ, গুজরাটের মুন্দ্রা বন্দরে মাদকের একটি বিশাল চালান আটক করা হয়েছিল, কিন্তু এই মামলা তদন্তের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শাহরুখ খানকে নিয়ে পড়ে আছে।
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) এই নেতা গতকাল শনিবার সমতা পরিষদ-এনসিপি'র অনুষ্ঠানে আরও বলেন, 'মহারাষ্ট্র সরকার ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) কোটা নিয়ে একটি অধ্যাদেশ পাস করেছে, কিন্তু বিজেপির একজন কর্মকর্তা এটিকে আদালতে চ্যালেঞ্জ করেছেন।'
বিজেপি অন্যান্য অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণের বিরুদ্ধে ছিল কিনা, এসময় জানতে চান তিনি।