সিকিমে ভারী তুষারপাতে আটকা পড়েছে কয়েক শ পর্যটক
ভারী তুষারপাতের কারণে সিকিমের নাথুলায় কয়েক শ পর্যটক আটকা পড়েছেন। গতকাল শনিবার বিকেলে সেখানে তুষারপাত শুরু হয়।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরে নাথুলার কাছে সেনাবাহিনী প্রায় ১ হাজার ২৪ জনকে পর্যটককে আশ্রয় দিয়েছিল। সেনাবাহিনী তাদের খাদ্য ও চিকিৎসাসেবা দিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পায়ে হেঁটে প্রায় ৪০ কিলোমিটার দূরে গ্যাংটক পৌঁছান।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ সোমবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। কারণ, ক্রিসমাসের ছুটিতে শত শত পর্যটক চীনের সঙ্গে ভারতের সীমানার কাছে তসোংমো বা চাঙ্গু হ্রদ ভ্রমণে এসেছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, আটকে পড়া ব্যক্তিদের মধ্যে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ২৫০ জন ছিলেন।