সীমান্তে স্থিতিশীলতা না এলে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হবে না: জয়শঙ্কর
অমীমাংসিত সীমান্ত এলাকায় স্থিতিশীলতা না এলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ বৃহস্পতিবার ভারতে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠকে তিনি এ বিষয় স্পষ্ট বক্তব্য দেন।
প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, 'দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত এলাকা স্থিতিশীল করার শর্ত ছিল। অথচ চীন সেখানে সেনা মোতায়েন করছে।'
জয়শঙ্কর বলেন, '২০২০ সালের এপ্রিল থেকে চীন এ ধরনের কাজ করায় তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে।'
'ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আমাদের অনুভূতি স্পষ্ট করে জানিয়েছি,' পূর্ব লাদাখের অচলাবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন।
তিনি আরও বলেন, 'ওই সময় চীনের সেনা মোতায়েনের কারণে সংঘর্ষ এবং উত্তেজনার কারণে আমরা প্রতিবেশী দেশ হলেও সম্পর্ক স্বাভাবিক রাখতে পারছি না।'
এ সময় তিনি পূর্ব লাদাখে দুই দেশের সিনিয়র সামরিক কমান্ডারদের মধ্যে ১৫ দফা আলোচনার কথা উল্লেখ করে জানান, বেশ কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি এসেছিল।
তিনি বলেন, 'এটি এগিয়ে নেওয়া দরকার কারণ সংঘাত শেষ করা প্রয়োজন। এর অগ্রগতি হচ্ছে, তবে যতটা আশা করছি তার চেয়ে ধীর গতিতে। এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে আমার আলোচনা।'
'গত ২ বছরে সীমান্ত উত্তেজনার প্রভাব ভারত-চীন সম্পর্কের উপর পড়তে দেখা গেছে,' যোগ করেন তিনি।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ৩ ঘণ্টা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জয়শঙ্কর সাংবাদিকদের জানান।
গত ২ বছরের মধ্যে এই প্রথম ভারত সফরে এলেন ওয়াং।