হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

স্টার অনলাইন ডেস্ক

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (৮৯) আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কংগ্রেস সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি গত ২ দিন ধরে হালকা জ্বরে ভুগছেন। উন্নত চিকিৎসা এবং সুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এআইআইএমএসের কার্ডিও-নিউরো বিভাগে নেওয়া হয়েছে। সেখানে কার্ডিওলজির অধ্যাপক ডা. নীতিশ নায়কের তত্ত্বাবধানে আছেন মনমোহন সিং। তার কিছু মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।

এআইসিসির সম্পাদক প্রণব ঝা টুইটারে জানিয়েছেন, মনমোহন সিংয়ের অবস্থা স্থিতিশীল।

তিনি লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংজীর স্বাস্থ্য নিয়ে কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল, রুটিন চিকিৎসা চলছে। আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো আপডেট জানাব।