হায়দ্রাবাদে গুদামে আগুন, ১১ শ্রমিকের মৃত্যু
ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ শ্রমিক মারা গেছেন।
বুধবার ভোররাতে সেকেন্দ্রাবাদের গুদামটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, নিহত ১১ জনই বিহার থেকে আসা অভিবাসী শ্রমিক।
পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় ভোর ৪টার দিকে গুদামে আগুন লাগে। এ সময় সেকেন্দ্রাবাদ রেলস্টেশনের কাছাকাছি ভৈগুদার গুদামটির উপরের তলায় প্রায় ১৩ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন।
৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছি। তারা এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় জানা সম্ভব হচ্ছে না। একজন শ্রমিককে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে।'
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
এদিকে, এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত শ্রমিকদের মরদেহ বিহারে তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
এতে আরও বলা হয়, গুদামে একটিমাত্র প্যাঁচানো সিঁড়ি থাকায় শ্রমিকরা সেখান থেকে বেরোতে পারেননি।