৩ বছরে ১ লাখ ৭০ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

গত ৩ বছরে ৩ লাখ ৯২ হাজারের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন। 

তাদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার জন মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় এ তথ্য জানান। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নথির বরাতে তিনি জানান, ব্যক্তিগত কারণে তারা ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং ১২০টিরও বেশি দেশে নাগরিকত্ব নিয়েছেন।

২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মোট ৩ লাখ ৯২ হাজার ৬৪৩ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন বলে জানান তিনি। 

এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৯৫ জন যুক্তরাষ্ট্রের, ৬৪ হাজার ৭১ জন কানাডার, ৫৮ হাজার ৩৯১ জন অস্ট্রেলিয়ার, ৩৫ হাজার ৪৩৫ জন যুক্তরাজ্যের, ১২ হাজার ১৩১ জন ইতালির, ৮ হাজার ৮৮২ জন নিউজিল্যান্ডের, ৭ হাজার ৪৬ জন সিঙ্গাপুরের, ৬ হাজার ৬৯০ জন জার্মানির, ৩ হাজার ৭৫৪ জন সুইডেনের এবং ৪৮ জন পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন।