বরিশালে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রোববার বিকেল ৩টার দিকে বিভাগীয় গণগ্রন্থাগারের সাম‌নে ২০ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিল‌রের কার্যালয় ঘেরাও ক‌রে বিক্ষোভ শুরু ক‌রেন সি‌টি কর‌পো‌রেশ‌নের কর্মকর্তা-কর্মচারীরা। একই ঘটনায় ওই কাউন্সিলের সমর্থকরাও পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব একই ওয়ার্ডের রোড ইন্স‌পেক্টর মো. রাজীব হোসেন খানকে মারধর করেন।

তবে, জিয়াউর রহমান বিপ্লব দাবি করেছেন- সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ তার বিরুদ্ধে সিটি করপোরেশনের কর্মীদের রাস্তায় নামিয়েছেন।

রোড ইন্স‌পেক্টর রাজীব হো‌সেন খান ব‌লেন, 'এক‌টি ভব‌নের প্ল্যান চেক কর‌তে যাওয়ার পর কাউ‌ন্সিলর বিপ্লব আমা‌কে ফোন দি‌য়ে হোসাইনি মাদ্রাসায় ডাকেন। এরপর আমি তাকে না জানিয়ে কেন প্ল্যান চেক করতে গেছি সেই অভিযোগ তুলে আমা‌কে মারধর ক‌রেন। পরে অন‌্য স্টাফরা এসে আমা‌কে উদ্ধার ক‌রেন।'

কাউ‌ন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, 'আমার ওয়া‌র্ডে একটা কাজ কর‌তে আসবে সেটা আমিই জা‌নি না। আমার সব স্টাফ নিয়ে গেছে মেয়র সা‌দিক আব্দুল্লাহ। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করে‌ছি। এরপর তারা আমার অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আমিও এই ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ জন কাউ‌ন্সিলরকে নিয়ে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর‌ছি।'

এ বিষয়ে জানতে বরিশাল সিটি মেয়র সা‌দিক আব্দুল্লাহর মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

ব‌রিশাল কোতোয়ালী মডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন বলেন, '২ পক্ষ ২টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভা‌বিক করেছি ছয়টা নাগাদ।'