সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক
সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যানি গ্রামে নিজ বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় যুবকের স্ত্রী ইশরাত জাহান ইমাকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহত আবু সায়েম (৩৬) সিলেটে একটি ব্যাংকের নাইট গার্ড হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে শুক্রবার বাড়িতে যান তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান আবু সায়েম। সকালে ওই ঘরেই তার মরদেহ পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার স্ত্রী-সন্তানকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হলে নিহতের স্ত্রীকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে এখনো মামলা হয়নি জানিয়ে ওসি আরও বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ আজ সকালে সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
মরদেহে পচন ধরায় কীভাবে তার মৃত্যু হয়েছে তাও বলা যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।