সেই শিশুর ক্ষতিপূরণ-লালনপালনে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার সময় জন্ম নেওয়া শিশুর জন্য ক্ষতিপূরণ ও লালনপালনসহ তার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১৫ দিনের মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে গঠিত ট্রাস্টি বোর্ডকে এ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অসুস্থ শিশুটির দেখাশোনার জন্য আদালত সমাজকল্যাণ সচিবকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
কমিটিকে ৩ মাসের মধ্যে শিশুর কল্যাণে করণীয় সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিয়া জনস্বার্থে রিট আবেদনটি করেন।
আবেদনে ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ দিতে, তার সার্বিক কল্যাণ ও সুস্থতা নিশ্চিত করতে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে যথাযথভাবে লালনপালনের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়।
গত শনিবার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাম করানোর জন্য গ্রাম থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় গিয়েছিলেন জাহাঙ্গীর আলম (৩৫)।
কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তিনি, তার স্ত্রী রত্না বেগম (২৬) ও মেয়ে সানজিদা (৩)— ৩ জনই নিহত হন। একই সময় দুর্ঘটনাস্থলেই জন্ম নেয় রত্না বেগমের পেটে থাকা শিশুটি।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহসিব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।


