অষ্টাদশ বিসিএস ফোরামের অভিষেক অনুষ্ঠান ও স্বাধীনতা দিবস উদযাপন

স্টার অনলাইন রিপোর্ট

অষ্টাদশ বিসিএস ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস-২০২২ উদযাপন ও সংগঠনটির ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পর্যদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চলতি কার্যনির্বাহী সংসদের সভাপতি সুরাইয়া পারভীন শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলতি কমিটির মহাসচিব রফিকুল ইসলাম, বিদায়ী কমিটির সভাপতি এ কে এম এনামুল করিম ও মহাসচিব মো. শাহ আলম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডার কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দিকা শেলী ও বর্তমান কমিটির দপ্তর সম্পাদক জাহিদ বিন মতিন।

সভাপতির বক্তব্যে সুরাইয়া পারভীন শেলী বলেন, 'নতুন কমিটির উদ্যোগে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশা করি সফলতার সঙ্গে আমাদের কার্যক্রম সবার সহযোগিতার ভিত্তিতে আমরা সম্পন্ন করতে পারব।'

তিনি বলেন, 'আমরা সবাই বন্ধু-ভিন্ন ভিন্ন ক্যাডার, বন্ধু আমরা সবার। সবাই সবার বিপদে-আপদে পাশে থাকব। সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।' 

চলতি কমিটির মহাসচিব রফিকুল ইসলাম বলেন, 'বৈশ্বিক অতিমারির কারণে আমাদের অভিষেক আয়োজন কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সুষ্ঠু পরিকল্পনা ও রূপরেখার ভিত্তিতে সৌহাদ্য-সম্প্রীতি বজায় রেখে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।'

এর আগে বিদায়ী কমিটির সভাপতি ও মহাসচিব নতুন কমিটির সভাপতি-মহাসচিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে সব সদেস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরেই অনুষ্ঠিত হয় পরিচিত পর্ব। অনুষ্ঠানে উপস্থিত অষ্টাদশ বিসিএস ফোরামের কর্মকর্তারা তাদের নিজেদের পরিচয় তুলে ধরেন।  

এ ছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্ককৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।