আইনমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও চিফ হুইপের পিতার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আজ বৃহস্পতিবার দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২২ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দেন।
বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর স্বাধীনতা পুরস্কার (মরোণোত্তর) গ্রহণ করেন তার ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাসের স্বাধীনতা পুরস্কার (মরোণোত্তর) গ্রহণ করেন তার ছেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের পুরস্কারটি (মরোণোত্তর) গ্রহণ করেন তার দৌহিত্র ব্যারিস্টার শেখ মো. ইফতেখারুল ইসলাম। সিরাজুল হকের ছেলে আইনমন্ত্রী আনিসুল হক সরকারি সফরে দেশের বাইরে থাকায় এই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি।
শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) এর পক্ষে তার স্ত্রী নিলুফার হুদা এবং স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের পক্ষে তার মেয়ে সৈয়দা তানজিনা হোসেন পুরস্কার (মরোণোত্তর) গ্রহণ করেন।
অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল নিজ হাতে পুরস্কার নেন।
প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. গোলাম ফারুক এবং বিদ্যুৎ বিভাগের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পুরস্কার প্রহণ করেন।