আইসিডিডিআর,বিতে ঘণ্টায় ৫৭ ডায়রিয়া রোগী

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় গড়ে ৫৭ জন করে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৭৯ জন ডায়রিয়া রোগী রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ভর্তি হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় আইসিডিডিআর,বিতে একদিনে রেকর্ড ১ হাজার ৩৮৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন বলে জানান কর্মকর্তারা।

গতরাত ১২টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২৬ জন।

আইসিডিডিআর,বি'র কর্মকর্তারা জানান, এ বছর হাসপাতালটিতে সর্বোচ্চ সংখ্যক ডায়রিয়া রোগী এসেছে। ঢাকার অন্তত ১০টি এলাকা সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।

এ ছাড়া, দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন।

বিশেষজ্ঞরা নিরাপদে থাকার জন্য মানুষকে সুপেয় পানি পান এবং রাস্তার খাবার এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।