আগামীকাল থেকে শুরু হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা

স্টার অনলাইন রিপোর্ট

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২। সপ্তাহব্যাপী এই কার্যক্রম আগামী ২১ জুন শেষ হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করছে।

এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদে জনশুমারি প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন সংবাদ সম্মেলনে জানান, জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে সারাদেশে প্রায় ৩ লাখ ৬৫ হাজার কর্মচারী সম্পৃক্ত থাকবেন। রাত ১২টা থেকেই ভাসমান মানুষদের গণনা কাজ শুরু হবে। আগামী ৩ মাসের মধ্যে জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হবে।

কেউ জনশুমারিতে বাদ থেকে গেলে তিনি স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নিজের তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলে, যেকোনো পরিকল্পনা নেওয়ার জন্য জনশুমারি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই শুমারি নির্ভুলভাবে করা প্রয়োজন।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর পর-পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।