আগামী ৬ মাসে ১২ হাজার ছাপা ড্রাইভিং লাইসেন্স বিতরণ হবে: বিআরটিএ চেয়ারম্যান
আগামী ৬ মাসের মধ্যে অপেক্ষায় থাকা সাড়ে ১২ হাজার ছাপা ড্রাইভিং লাইসেন্স চালকদের মধ্যে বিতরণ করা হবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন।
বিআরটিএ চট্টগ্রাম সার্কেলে রোববার এক গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, 'ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট এত দিন বন্ধ ছিল। গত বছরের অক্টোবর থেকে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট শুরু হয়েছে।'
নুর মোহাম্মদ মজুমদার বলেন, 'বিআরটিএর নতুন আইন অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। এ ক্ষেত্রে আর হয়রানির শিকার হতে হবে না।'
তিনি আরও বলেন, 'আগামী ৬ মাসের মধ্যে বিআরটিএ ৯০ শতাংশ ডিজিটালাইজড হবে। এতে ঘরে বসেই সেবা পাওয়া যাবে। বিআরটিএ দালালমুক্ত হবে।'
চালকদের প্রশিক্ষণের জন্য বিআরটিএ এ পর্যন্ত ১৪০টি ড্রাইভিং স্কুলের অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।
গণশুনানিতে পরিবহন খাত সংশ্লিষ্টরা ও সেবাগ্রহীতারা গাড়ির মালিকানা বদলে জটিলতা, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে হয়রানি, বিভিন্ন রুটে অতিরিক্ত গাড়ি চলাচল করা, পুলিশের চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম বলেন, 'দুর্ঘটনার জন্য এককভাবে চালক বা মালিকদের দোষ দিয়ে লাভ নেই। এ জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে বিআরটিএসহ সবাইকে সজাগ হতে হবে।'