আজ দুপুরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন।
সরকারি সূত্র জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
পরে পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণায়ের বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে ২ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘন ঘন দ্বিপক্ষীয় উচ্চ-পর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।'
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত মঙ্গলবার বলেছিলেন, 'জয়শঙ্কর কিছু ভালো সংবাদ নিয়ে আসতে পারেন... তিনি আমাদের সারপ্রাইজ দেবেন।'
তিনি আরও বলেন, 'ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরে খুশি কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে। আমরা সবসময় তাকে এখানে স্বাগত জানাই।'
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে।
মোমেন বলেন, 'আমাদের মূল দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব।'
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত সোমবার নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়শঙ্কর এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে সর্বশেষ ২০১৯ সালের ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।
এ ছাড়া, ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত বছর ২৬-২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন।
ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গত ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করেন।