‘আমরা মুক্তিযোদ্ধারা মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে সম্মান চাই’
'আমরা মুক্তিযোদ্ধারা মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে সম্মান চাই বলে'—বলে জানিয়েছেন শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম আলী সরদার।
আজ শনিবার ২৬ মার্চ দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে ভেদেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম আলী সরদার আরও বলেন, 'দেশকে পাকিস্তানি বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য, স্বাধীন করার জন্য ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। অনেক জায়গায় দেখি প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রকৃত সন্মান পায় না, আজ অনেক যুদ্ধাপরাধীরা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের প্রতিহত করা হোক। যেমনটি আমরা করেছিলাম ১৯৭১ সালে।'
তিনি আরও বলেন, 'দেশের জনগণের কাছে আমার একটাই অনুরোধ প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন সব সময় প্রাপ্য সন্মান পায়। ভেদেরগঞ্জ উপজেলা প্রশাসন, শরীয়তপুর আজকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে যেভাবে সন্মানিত করেছে তাতে মুক্তিযোদ্ধারা খুবই আনন্দিত।'
সংবর্ধনা অনুষ্ঠানে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, 'আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলে, আপনারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন বলেই, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।'
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আমাদের যেসব বীর মুক্তিযোদ্ধারা মারা গেছেন এবং আজকে যে ৪৭০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হলো তাদের সন্মানিত করার জন্য, ভেদেরগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের নাম সংবলিত নামফলক নির্মাণ করা হবে। মুক্তিযোদ্ধার শুধু একটু সন্মান চান। মুক্তিযোদ্ধারা যেন আমাদের থেকে তাদের প্রকৃত সন্মান সব সময় পান।'
সংবর্ধনা অনুষ্ঠানে ভেদেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাতির যে বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য আজকে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা আজকে চেষ্টা করেছি, সেই বীর সন্তানদের সঙ্গে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নিতে। তাই আজকে উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করেছি, সংবর্ধনার মাধ্যমে তাদের সন্মানিত করতে। আমরা ৪৭০ জন মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি ও প্রীতি উপহার তুলে দিয়েছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।'