আমাদের দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হয়নি। আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'আমাদের দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হয়নি। সেখানে খাবার নেই, ওষুধ নেই। ওখানে চলাফেরার দুরবস্থা ও সরকার পতনের অবস্থা হয়ে গেছে। আমাদের সেই অবস্থা হয়নি, বাংলাদেশ ভালো আছে।'

সরকারের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ ভালো আছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের প্রতিটি মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে কাজ করছে।'

টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'আমাদের টিকার কোনো অভাব নাই। যারা টিকা নেননি, তারা টিকা নিয়ে নিবেন। ১ম, ২য় এবং বুস্টার ডোজ মিলে এ পর্যন্ত ২৫ কোটি টিকা দেওয়া হয়েছে। আমাদের দেশের জনগণের মধ্যে ৭৫ শতাংশ মানুষ টিকা নিয়েছে। টিকার সফলতার দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশ ৮ম অবস্থানে আছে।'