আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে যথেষ্ট চাদর-বালিশ উৎপাদন হচ্ছে এবং আমরা বিদেশেও রপ্তানি করছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা তদন্তের বিষয়। এটা কীভাবে রেকর্ড হলো সেটা দেখার বিষয় আছে। নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।'
তিনি বলেন, 'আমাদের সরকারিভাবে এ রকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। এটা যদি করে থাকে তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে (করেছে)। অন্য কোনো প্রযুক্তি বের হয়েছে কি না, দেখার বিষয় আছে। এনটিএমসি একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে লফুল ইন্টারসেপশন করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে।'
অন্য কোনো দেশ এর সঙ্গে জড়িত কি না, জানতে চাইলে তিনি বলেন, 'পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলতে পারবো না।'
বিছানার চাদর ও বালিশ কিনতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ জার্মানি যাচ্ছেন, এমন একটি খবরের পরিপ্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনি (আইজিপি) কেন যাবেন? তিনি পত্রিকায় রিজয়েন্ডার দিয়েছেন। এখানে আমাদের কিছু বলার নেই। আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট হচ্ছে, আমরা বিদেশেও রপ্তানি করছি। উনি কী ধরনের ইমপোর্ট করেছেন বিস্তারিত জানেন।'
গুম হওয়া অনেকেই স্বেচ্ছায় পালিয়ে থাকেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, 'আমরা সব সময় বলে আসছি অনেকে নিজেকে সরিয়ে রাখেন। অনেকে ব্যবসায় ফেল (ব্যর্থ) করে, মামলা এড়াতে বা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে আত্মগোপন করেন।'
তিনি বলেন, 'জেনেভায় আমাদের যে নামগুলো দেয়া হয়েছিল তাদের অনেকের নামেই ১২ থেকে ১৩টি মামলা ছিল কিংবা জেলে আছে বা জামিনেও বের হয়েছে এমনও হয়েছে। আমরা আবারও বলছি গুমের কথা যেগুলো বলা হচ্ছে খুঁজলে অনেককেই আমরা উদ্ধার করতে পারছি বা পারব।'